জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশ এখন এক কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি বলেন, “১২ তারিখ আমরা নিচ্ছি ব্যালটের প্রস্তুতি, আর একটি দল নিচ্ছে বুলেটের প্রস্তুতি। আমরা এই বুলেট বিপ্লবকে ব্যালট বিপ্লব দিয়ে প্রতিরোধ করব এবং জনতাকে সঙ্গে নিয়েই প্রতিরোধ গড়ে তুলব।”
শনিবার (৭ ফেব্রুয়ারি) খুলনার ফুলতলায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি ছিল খুলনা-৫ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার–এর সমর্থনে।
হাসনাত আবদুল্লাহ বলেন, এই নির্বাচন সহজে আসেনি। সহস্র মানুষের শাহাদাত, গুম ও নির্যাতনের মধ্য দিয়ে জনগণ ভোটাধিকার পুনরুদ্ধারের এই সুযোগ পেয়েছে। তিনি অভিযোগ করেন, বিগত তিনটি নির্বাচনে দিনের ভোট রাতে দেওয়া হয়েছে এবং ডামি নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার হরণ করা হয়েছে।
প্রশাসন ও পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, এবারের নির্বাচন শহীদদের রক্তে অর্জিত। কোনো অবৈধ টাকার মুখোমুখি হলে পরিবার ও দেশের মানুষের কথা মনে রাখার আহ্বান জানান তিনি। ব্যালট বাক্স ভরে দেওয়ার চেষ্টা হলে জনগণের বিদ্রোহ ঠেকানো যাবে না বলেও সতর্ক করেন তিনি।
ভোটারদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ভোট পবিত্র আমানত। একদিনের টাকার বিনিময়ে পাঁচ বছরের গোলামি নয়, বরং বিনা পয়সায় ভোট দিয়ে আগামী পাঁচ বছর সেবা নেওয়ার আহ্বান জানান তিনি।