জুলাই গণঅভ্যুত্থানের পর সরকারি গণমাধ্যমে উল্লেখযোগ্য সংস্কার ও নীতিগত পরিবর্তনের ধারাবাহিকতায় দীর্ঘ দেড় দশক পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সুযোগ পাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে বিটিভিতে রাজনৈতিক দলের প্রধানদের ভাষণ প্রচার শুরু হচ্ছে।
বিটিভি সূত্র জানায়, রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে আল্লামা মামুনুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির, জাতির উদ্দেশে ভাষণ দেবেন। একই দিন সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম–এর ভাষণ সম্প্রচার করা হবে।
এ ছাড়া আগামী ৯ ফেব্রুয়ারি (সোমবার) সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান–এর ভাষণ প্রচারের সূচি নির্ধারণ করা হয়েছে।
বিটিভির এক কর্মকর্তা জানান, এখন পর্যন্ত এই চারটি দলই আনুষ্ঠানিকভাবে ভাষণ প্রচারের অনুরোধ জানিয়েছে। অন্য দলগুলোর পক্ষ থেকে অনুরোধ এলে তা বিবেচনা করা হবে। উল্লেখ্য, ২০০৮ সালের নির্বাচনের সময় সর্বশেষ বিটিভিতে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ভাষণ প্রচারিত হয়েছিল। পরবর্তী তিনটি জাতীয় নির্বাচনে এ ধরনের সুযোগ দেওয়া হয়নি।