জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নির্বাচনী পরিবেশ কেমন হতে পারে, তার একটি ‘টেস্ট ম্যাচ’ গতকাল ঢাকায় দেখা গেছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী ফ্যাসিবাদী কায়দায় পুলিশ আবারও তার নগ্ন রূপে ফিরে গেছে।
শনিবার দুপুরে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপির তৃণমূলের অনেক নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নন।
কিন্তু একটি ‘হাইব্রিড’ অংশ দলটির ভেতরে মূল বিএনপিকে কোণঠাসা করে দিয়েছে। তিনি দাবি করেন, শহীদ জিয়ার দর্শন ও বেগম খালেদা জিয়ার রাজনীতিতে বিশ্বাসী বিএনপির বহু কর্মী ধানের শীষের মিছিলে গেলেও ভোট দেবেন দাঁড়িপাল্লা ও শাপলা কলিতে।
তিনি বলেন, দেশ এখন দুই ধারায় বিভক্ত—একটি পক্ষ জুলুম, চাঁদাবাজি ও বিদেশি দালালির পক্ষে, আরেকটি পক্ষ ইনসাফ ও মুক্তির পক্ষে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন কৃষক-শ্রমজীবী মানুষ চাঁদাবাজির রাজনীতি থেকে মুক্তি চায় বলেও মন্তব্য করেন তিনি।
পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের নয়, বিবেকের কাছে দায়বদ্ধ থাকতে হবে। অন্যায়কে পৃষ্ঠপোষকতা করলে ভবিষ্যতে তার ফল ভোগ করতে হবে বলেও সতর্ক করেন এনসিপি নেতা।
পথসভায় এনসিপি ও জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।