ঢাকা–৮ আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, সরকার বিএনপি নেতা তারেক রহমান–কে ভয় পায় এবং সেই ভয় থেকেই সরকার ভারসাম্য হারিয়ে ফেলেছে। তিনি বলেন, “তারেক রহমান কোনো আসল বাঘ নন, তিনি একটা কাগুজে বাঘ। যদি রয়েল বেঙ্গল টাইগারের কথা বলেন, তাহলে ইনকিলাব মঞ্চের ভাইয়েরাই সেই বাঘ।”
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর জাতীয় শহিদ মিনারে জুলাই ঐক্য আয়োজিত ‘র্যালি ফর বাংলাদেশ’ সমাবেশে তিনি এসব কথা বলেন। নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, সরকার কখনো বিরোধীদের ওপর, আবার কখনো নিজের ওপর অস্ত্র চালাচ্ছে, যা সরকারের চরম ব্যর্থতারই বহিঃপ্রকাশ।
তিনি আরও বলেন, “সরকার মনে করে তারেক রহমান কোনো পারমাণবিক বোমা। আসলে তিনি একটা বেলুন—সুঁই দিয়ে টোকা দিলেই ফুস হয়ে যাবে। ভয় পাওয়ার কিছু নেই।” প্রশাসনের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ আমলে মোবাইল চেক, পাকিস্তান আমলে লুঙ্গি খুলে তল্লাশি আর বর্তমান আমলেও একই ধরনের দমনমূলক আচরণ দেখা যাচ্ছে।
ইনকিলাব মঞ্চের ওপর সাম্প্রতিক হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে যে হামলা হয়েছে, তার দায় সরকার এড়াতে পারে না। তিনি দাবি করেন, সরকারের একটি মহল পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।
সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।