বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুনামগঞ্জ–২ (দিরাই–শাল্লা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির-এর হাতে ফুল দিয়ে বিএনপির ধানের শীষের সমর্থক দুই শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে এই যোগদান সম্পন্ন হয়। শিশির মনিরের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে এবং যোগদানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে।
মিডিয়া সেল সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টার দিকে দিরাই পৌর শহরে শিশির মনিরের বাসভবনে গিয়ে দিরাই উপজেলার রাজানগর ও সরমঙ্গল ইউনিয়নের বিভিন্ন গ্রামের বিএনপির নেতাকর্মীরা ফুলের মালা দিয়ে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।
এর মধ্যে রাজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য শাহিদ আলীর নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগ দেন।
এদিকে সকাল ১০টার দিকে সরমঙ্গল ইউনিয়নের নাচনী গ্রামের বিএনপি নেতা ইলিয়াস মিয়া, বাবুল মিয়া, ফখর উদ্দিন, দিলকিছ মিয়া, সোনাই মিয়া, নজর মিয়া, এমরান হোসেন মিঠু মিয়া, জামির উদ্দিন ও জাহাঙ্গির মিয়ার নেতৃত্বে আরও দুই শতাধিক নেতাকর্মী ধানের শীষের সমর্থন ছেড়ে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে অবস্থান নেন এবং জামায়াতে ইসলামীতে যোগ দেন।
যোগদান অনুষ্ঠানে শিশির মনির নবাগতদের স্বাগত জানান এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
যোগদানের প্রতিক্রিয়ায় শাহিদ আলী বলেন, “আমি দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আমার ছেলে প্রবাসে থাকে। সে নিয়মিত ফোন করে আমাকে বলে—শিশির মনির ভাই বিপুল ভোটে জয়ী হবেন। তার আগ্রহ থেকেই আমারও আগ্রহ জন্মেছে।”
তিনি বলেন, “আমি মনে করি, শিশির মনির নির্বাচিত হলে এ অঞ্চলের গরিব ও সাধারণ মানুষ উপকৃত হবে।” শাহিদ আলী জানান, তার সঙ্গে রাজানগর ইউনিয়নের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিয়েছেন।