ভুল রাজনৈতিক কৌশল ও দোদুল্যমান অবস্থানের কারণে বিএনপি এখন একটি ছোট দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালী–২ (বাউফল) আসনে ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ-এর নির্বাচনি প্রচারণা উপলক্ষে স্থানীয় পাবলিক মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, গণভোট ইস্যুতে বিএনপি ও তাদের জোট শুরু থেকেই বিভ্রান্তিকর ভূমিকা পালন করেছে। কেন্দ্রীয় নেতৃত্ব কখনো ‘হ্যাঁ’, কখনো ‘না’—এমন দ্বৈত অবস্থান নিয়েছে, যার প্রতিফলন তৃণমূলেও দেখা যাচ্ছে। বড় বড় ব্যানার ও মঞ্চ থাকলেও ‘হ্যাঁ’-এর পক্ষে সুস্পষ্ট কোনো ক্যাম্পেইন দেখা যায় না। এই ভুল নীতির কারণেই বিএনপি আজ জনসমর্থন হারাচ্ছে।
তিনি বলেন, বিএনপির ভুল রাজনীতির কারণে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শের অনেক নেতাকর্মী এখন ১১ দলীয় জোটের পক্ষে অবস্থান নিচ্ছেন। তাদের সমর্থনেই ১১ দলীয় জোট বিপুল ব্যবধানে বিজয়ী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জুলাই বিপ্লব-পরবর্তী পরিস্থিতি নিয়ে তিনি সতর্ক করে বলেন, বিদেশি আধিপত্যবাদী শক্তি ও তাদের দোসররা নতুন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জুলাই প্রজন্ম বেঁচে থাকতে কেন্দ্র দখল বা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা সফল হবে না।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।