বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, বাংলাদেশ উন্নত হলে ভারত তার অস্তিত্ব সংকটে পড়বে এবং তাদের সেভেন সিস্টার অঞ্চল ধ্বংস হয়ে যাবে। তিনি বলেন, বাংলাদেশের বিশাল ব্লু ইকোনমি থাকা সত্ত্বেও তা যথাযথভাবে কাজে লাগানো হচ্ছে না।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর বিজ্ঞান ভবন মাঠে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইয়ুথ আইডিয়া কনটেস্টের আইডিয়া প্রদর্শনীর ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, দেশের এক-তৃতীয়াংশ জনগোষ্ঠী তরুণ হলেও গত ৫৪ বছরে এই যুবশক্তিকে সঠিকভাবে রূপান্তর করা হয়নি। তিনি উদাহরণ দিয়ে বলেন, চীন ও বাংলাদেশের অবস্থান ১৯৭৬ সালে প্রায় একই ছিল, কিন্তু ২০–২৫ বছরে চীন আমদানিনির্ভরতা কমিয়ে বিশ্ব নেতৃত্বে পৌঁছেছে।
তিনি বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা তুলে ধরে বলেন, বর্তমানে দেশে প্রায় ২২ বিলিয়ন ডলার ঋণ রয়েছে এবং বাজেটের বিশাল অংশ সুদ পরিশোধে চলে যাচ্ছে। ঋণখেলাপির পরিমাণও ভয়াবহ। এসব থেকে মুক্তি পেতে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ ছাত্র ও রাজনৈতিক নেতারা।