ঝালকাঠি–১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক-এর পক্ষে সমর্থন জানাতে বুধবার রাত ৮টায় রাজাপুর উপজেলা সদরের বাইপাস মোড়ে একটি নির্বাচনি পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)–এর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।
সাদিক কায়েম বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে। জামায়াত ক্ষমতার রাজনীতি নয়, আদর্শের রাজনীতি করে।
শহীদ ওসমান হাদী ও শহীদ আবু সাঈদের আত্মত্যাগের আদর্শ ধারণ করেই আমাদের নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, দেশবিরোধী ও আধিপত্যবাদী শক্তি নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এসব চক্রান্ত মোকাবিলায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সাদিক কায়েম বলেন, “ঝালকাঠি–১ আসনে ড. ফয়জুল হক শহীদ ওসমান হাদীর আদর্শের উত্তরসূরি। তাকে বিজয়ী করা গেলে দেশে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথ সুগম হবে।”
পথসভায় প্রার্থী ড. ফয়জুল হক ছাড়াও জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।