বিএনপির প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ি’ হিসেবে যে অপবাদ দেওয়া হয়েছিল, তা থেকে মুক্ত করে দেশকে একটি স্বনির্ভর রাষ্ট্রে রূপান্তর করেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁও-এ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত শহীদ জিয়াউর রহমানের আদর্শ থেকে কখনো বিচ্যুত হয়নি। দলটি সবসময় সেই আদর্শের ভেতর থেকেই রাজনীতি করে এসেছে।
তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেন। দীর্ঘদিন পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন এবং মানুষের বাক ও ব্যক্তিস্বাধীনতা ফিরিয়ে দেন।
বিএনপি চেয়ারম্যান আরও বলেন, স্বাধীনতার পর বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ি’ হিসেবে যে দুর্নাম দেওয়া হয়েছিল, শহীদ জিয়াউর রহমান তা ঘুচিয়ে একটি আত্মনির্ভরশীল রাষ্ট্র গড়ে তুলেছিলেন।
তারেক রহমান বলেন, শহীদ জিয়ার শাহাদাতের পর দেশে আবার স্বৈরাচারী শাসনের সূচনা হয়। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর আপসহীন সংগ্রামের মধ্য দিয়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়।
তিনি বলেন, জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে বেগম খালেদা জিয়া দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেন এবং সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন।