মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (রাত ১০টার দিকে) উপজেলার যশলং দরজারপাড় এলাকার দিঘীরপাড়–সিপাহিপাড়া সড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— যশলং দরজারপাড় এলাকার আসলাম শেখের ছেলে সানিয়াত শেখ (২৯), আলম খানের ছেলে সাকিব খান (২৬) এবং বাদল মাঝির ছেলে তুর্য মাঝি (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে একটি মোটরসাইকেলে তিনজন আরোহী সিপাহিপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে যশলং এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তিনজনই গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
আহত অবস্থায় অপর আরোহীকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আতাউল করিম জানান, তুর্য মাঝি নামের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। দুর্ঘটনার পরপরই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, অতিরিক্ত গতির কারণেই মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।