ঠাকুরগাঁও-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মিজানুর রহমান বলেছেন, যারা বলে জামায়াতে ইসলামী দেশ পরিচালনা করতে পারবে না—তারা ভুল ধারণার মধ্যেই বাস করছে। তিনি দাবি করেন, জামায়াতের কাছে এমন শক্তি ও সক্ষমতা রয়েছে, যা দিয়ে শুধু বাংলাদেশ নয়, প্রয়োজনে পুরো বিশ্ব পরিচালনাও সম্ভব।
বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাতিহার বাজারে জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।
সভায় প্রতিপক্ষ বিএনপিকে উদ্দেশ করে মিজানুর রহমান বলেন, তাদের আদর্শ ও লক্ষ্য কী—তা জনগণের জানা দরকার। তিনি বলেন, বিএনপি সংস্কারের কথা বললেও বাস্তবে তা জামায়াতই করেছে। তিনি অভিযোগ করেন, জামায়াতের পোস্টার ছিঁড়ে ফেলা হলেও দলটি ধৈর্যের পরিচয় দিয়েছে।
তবে প্রশাসনকে উদ্দেশ করে তিনি বলেন, পোস্টার ছিঁড়ে জামায়াতের আন্দোলন দমন করা যাবে না। পোস্টার ছেঁড়া গেলেও মানুষের অন্তর থেকে জামায়াতের প্রতীক মুছে ফেলা সম্ভব নয়।
তিনি আরও বলেন, প্রতিপক্ষের রাজনীতির আদর্শ হলো দুর্নীতি ও দখলদারিত্ব। নিজেদের কর্মীদের ওপর সহিংসতাকেও তিনি তাদের রাজনৈতিক সংস্কৃতির অংশ বলে উল্লেখ করেন। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, মা-বোনদের ভয় দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করলে তা কোনোভাবেই সফল হবে না।
নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে মিজানুর রহমান বলেন, তিনি যে আদর্শ ধারণ করেন, তা নবী-রাসূলদের আদর্শ।
ঢাকায় সাম্প্রতিক সমাবেশের উদাহরণ টেনে তিনি বলেন, লাখো মানুষের উপস্থিতি সত্ত্বেও সেখানে কোনো বিশৃঙ্খলা হয়নি। তিনি প্রশ্ন তোলেন, যারা জামায়াতে ইসলামীকে নিয়ে মন্তব্য করেন, তারা কি দলটির আদর্শ ও অভ্যন্তরীণ শৃঙ্খলা সম্পর্কে আদৌ অবগত?
একটি দলের কেন্দ্রীয় নেতার বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ভোটকেন্দ্রে গেলে ফিরে আসা যাবে না—এ ধরনের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন। তিনি বলেন, রাজনীতি শিখতে হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকেই তা শেখা উচিত। মানুষের কাছে ভোট চাইতে হলে আগে শালীনতা, আদর্শ ও রাজনৈতিক শিষ্টাচার রপ্ত করতে হবে।