ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার প্রবেশমুখে শান্তিপূর্ণভাবে অবস্থান নেওয়ার জন্য ছাত্র-জনতার প্রতি আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই অনুরোধ জানান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা।
পোস্টে তিনি উল্লেখ করেন, পূর্বঘোষিত এক ঘণ্টার সময়সীমা শেষ হলেও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কোনো আশ্বাস পাওয়া যায়নি।
তিনি লেখেন, “প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর তরফ থেকে কোনো সাড়া না পাওয়ায় জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত নিশ্চিত করতে বাংলাদেশের ছাত্র-জনতাকে যমুনার প্রবেশমুখগুলোতে শান্তিপূর্ণভাবে অবস্থান নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।”
এর আগে বৃহস্পতিবার বিকেলে হাদি হত্যার বিচার ও জাতিসংঘ-এর তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের দাবিতে যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও হাদির পরিবারের সদস্যরা।
এ বিষয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, “আমাদের শেষ কথা—শহীদ ওসমান হাদির হত্যার নিরপেক্ষ তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে হস্তান্তর না করা পর্যন্ত আমরা আমাদের অবস্থান থেকে একচুলও সরব না। প্রয়োজনে জীবন দিতে হলেও এই দাবি থেকে সরে আসব না।”