বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলে অপরাধে জড়িত একজন প্রধানমন্ত্রীকেও সাধারণ নাগরিকের মতোই শাস্তি ভোগ করতে হবে। আইনের চোখে কেউ বিশেষ সুবিধা পাবে না—এটাই জামায়াতের রাজনীতির মূল দর্শন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, তিস্তা পাড় থেকে শুরু করে সমুদ্র উপকূল, জাফলং থেকে সুন্দরবন, টেকনাফ থেকে তেঁতুলিয়া—সারা দেশে ন্যায়, ইনসাফ ও মানবিক বাংলাদেশের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই পরিবর্তনের আন্দোলনে চাঁপাইনবাবগঞ্জ গর্বিত অংশীদার।
তিনি বলেন, বিগত ৫৪ বছর ধরে শাসন ও অপশাসন দেখে মানুষ ক্লান্ত। জনগণ এখন পুরোনো বন্দোবস্তের রাজনীতি আর দেখতে চায় না। জুলাই আন্দোলনে তরুণরা রাজপথে নেমে ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে যে দাবি তুলেছিল, জামায়াত সেই ন্যায়বিচারই রাষ্ট্রের সর্বস্তরে প্রতিষ্ঠা করতে চায়।
ডা. শফিকুর রহমান আরও বলেন, ন্যায়বিচার মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী—সবার জন্য সমান হবে। ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা চালু হলে চাঁদাবাজি ও দুর্নীতির সব পথ বন্ধ হয়ে যাবে। অপরাধীদের শাস্তির পাশাপাশি তাদের দেশ গঠনের কাজে যুক্ত করার কথাও বলেন তিনি।