আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিনরাত প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
৭৭ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদের শেষ নির্বাচনী লড়াইয়ে মাঠে নতুন মাত্রা যোগ করেছেন তার বড় মেয়ে, অস্ট্রেলিয়া প্রবাসী চিকিৎসা বিজ্ঞানী শামারুহ মির্জা।
শামারুহ মির্জা সকাল থেকে গভীর রাত পর্যন্ত গ্রাম থেকে গ্রামে ঘুরে বাবার পক্ষে ভোট চাইছেন। হাট-বাজার, গ্রামীণ উঠান, পাড়া-মহল্লা—সবখানেই তিনি ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলছেন। কখনো পথসভা, কখনো ঘরোয়া বৈঠকে বাবার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার এবং মানুষের অধিকারের প্রশ্ন তুলে ধরছেন।
প্রচণ্ড রোদ, শীত কিংবা কাদামাটির পথ—কিছুই তার প্রচারণাকে থামাতে পারেনি। স্থানীয়দের মতে, একজন প্রবাসী পেশাজীবী হয়েও সাধারণ মানুষের কাতারে নেমে আসার এই উদ্যোগ ভোটারদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। বিশেষ করে তরুণ ও নারী ভোটারদের মধ্যে তার উপস্থিতি আলাদা আগ্রহ জাগিয়েছে।
স্থানীয় বিএনপি নেতারা বলছেন, শামারুহ মির্জার মাঠভিত্তিক সক্রিয়তা প্রচারণায় নতুন গতি এনেছে। যদিও তিনি সরাসরি রাজনীতিতে আসার ঘোষণা দেননি, তবে মানুষের সঙ্গে তার নিবিড় সংযোগ ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আলোচনার জন্ম দিয়েছে।