নোয়াখালী-৬ আসনের হাতিয়ায় বিএনপির প্রায় ২০০ নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জাহাজমারা ইউনিয়নের সাদকানের বাড়িতে শাপলা কলির এক উঠান বৈঠকের মাধ্যমে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদ ফুল দিয়ে নবাগত নেতাকর্মীদের বরণ করে নেন।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন হাতিয়া উপজেলা বিএনপির সদস্য জয়নাল আবেদিন জনু মেম্বার, চানন্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নবীর উদ্দিন, সোনাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক
সভাপতি মো. ফয়সাল পায়েল, বুড়িরচর ইউনিয়ন যুবদলের সদস্য মো. সোহেল, জাহাজমারা ইউনিয়নের বিএনপি সদস্য ও ওয়ার্ড সভাপতি মো. নাহিদ, তাঁতী দলের ক্রীড়া সম্পাদক রুবেল এবং ৫ নম্বর ওয়ার্ড তাঁতী দলের সভাপতি নিসান উদ্দিনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উঠান বৈঠকে আবদুল হান্নান মাসউদ বলেন, হাতিয়াকে সুন্দর ও মর্যাদাপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, “আমি আপনাদের কী দিতে পারবো তা জানি না, তবে সম্মান দিতে পারবো—এটা নিশ্চিত।”
তিনি আরও জানান, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গত কয়েক দিনে এক হাজারের বেশি বিএনপি নেতাকর্মী এনসিপিতে যোগ দিয়েছেন। বৈঠকে সদ্য যোগদানকারী জয়নাল আবেদিন জনু মেম্বারের সভাপতিত্বে স্থানীয় ১১ দলীয় জোটের নেতারাও বক্তব্য রাখেন।