ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিম বলেছেন, ১৯৮৭ সালে দল প্রতিষ্ঠার পর থেকে ইসলামী আন্দোলনের কোনো প্রার্থী এখনো সংসদে যেতে পারেনি। সুযোগ থাকা সত্ত্বেও অর্থ ও নীতিগত অবস্থানের কারণে দলটি আপসের পথে হাঁটেনি।
তিনি বলেন, “আজকে টাকার অভাবে আমাদের এমপি প্রার্থীদের ঠিকমতো নির্বাচন করতে কষ্ট হয়।”
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মাওলানা ইসহাক চোকদারের হাতপাখা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভাঙ্গা বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত এ জনসভায় রেজাউল করিম বলেন, গতানুগতিক নীতি-আদর্শ ও সেই নেতৃত্বের সহযোগী ইসলামী আন্দোলন হতে পারে না, যার মাধ্যমে হাজারো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর ইসলামের পক্ষে দেশ বিনির্মাণের লক্ষ্যে একটি রাজনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে যারা শরিয়া আইন বাস্তবায়নে অনিচ্ছুক এবং বিদেশি শক্তির সঙ্গে গোপন যোগাযোগ রাখে, তাদের নেতৃত্বে ইসলামী আন্দোলন থাকতে পারে না।
চরমোনাই পীর বলেন, প্রচলিত নীতি ও আদর্শ গত ৫৪ বছরেও খুন, দুর্নীতি, চাঁদাবাজি ও অর্থপাচার বন্ধ করতে পারেনি। তাই এই নীতিতে পরিবর্তন ছাড়া দেশে কল্যাণ সম্ভব নয়।
সভায় ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় ও জেলা নেতারা বক্তব্য দেন এবং হাতপাখা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ জোরদারের আহ্বান জানান।