জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, ভোট দেওয়ার পর কোনো অন্যায় সুবিধা নিতে এলে তিনি কাউকেই চেনেন না। তার স্পষ্ট ঘোষণা—চাঁদাবাজির কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না, আর “আমার লোক” পরিচয়েও কেউ ছাড় পাবে না।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের উখারী এলাকায় এক নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি। হাসনাত আবদুল্লাহ বলেন, রাজনীতি কোনো পেশা নয় যে ভোট করে ছবি তুলে পরে বাজার দখল করা যাবে। তার ভাষায়, “ওইটা আমার বাপ হলেও আমি তাকে চিনি না। আল্লাহর কসম, আমি আপনাকে চিনব না।”
তিনি আরও বলেন, নির্বাচনে তাকে জিতাতে জনগণের কাছ থেকে টাকাপয়সা নেওয়ার দরকার নেই। বরং প্রত্যেকের ঘরে ঘরে শাপলা কলির বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি। আগামী ১২ ফেব্রুয়ারিকে দেবিদ্বারের চাঁদাবাজ, টেন্ডারবাজ ও মাদক কারবারিদের শেষ দিন হবে—এমন প্রত্যয়ও ব্যক্ত করেন এনসিপির এই প্রার্থী।
দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ ও উঠান বৈঠকে জামায়াতে ইসলামী, এনসিপি ও বাংলাদেশ খেলাফত মজলিসসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। জনসভায় বক্তব্যে সুশাসন ও দুর্নীতিমুক্ত রাজনীতির অঙ্গীকারের কথা তুলে ধরেন হাসনাত আবদুল্লাহ।