বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমানের বাসায় নির্যাতনের শিকার শিশু গৃহকর্মীর চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন-কে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে শিশুটির শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি।
হাসপাতাল পরিদর্শনকালে শেখ বশিরউদ্দীন চিকিৎসকদের কাছ থেকে শিশুটির বর্তমান অবস্থা ও চিকিৎসা অগ্রগতির বিস্তারিত তথ্য নেন। পাশাপাশি তিনি শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং তার চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নিতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিমানের এমডি ড. হুমায়রা সুলতানা, গাজীপুর জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন এবং হাসপাতালের পরিচালক ডা. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
শিশুটির সঙ্গে কথা বলার সময় বিমান উপদেষ্টা বলেন, “অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা। তিনি তোমার খোঁজ নিতে আমাকে পাঠিয়েছেন। তোমার ভয়ের কোনো কারণ নেই—সরকার তোমার পাশে আছে।”
প্রধান উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে শেখ বশিরউদ্দীন জানান, “এই শিশুর সঙ্গে যে অমানবিক আচরণ করা হয়েছে, তা জাতির জন্য লজ্জাজনক।” তিনি আরও জানান, শিশুটির চিকিৎসা ব্যয়সহ তার সার্বিক দায়িত্ব সরকার বহন করবে।
এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. আমিনুল ইসলাম বলেন, সন্ধ্যার কিছু আগে বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দীন হাসপাতালে এসে শিশুটির খোঁজ নেন এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি ও সিইও সাফিকুর রহমানের বাসায় ওই শিশু গৃহকর্মী নির্যাতনের শিকার হয়। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে গত ৩১ জানুয়ারি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় গত সোমবার (২ ফেব্রুয়ারি) আইনশৃঙ্খলা বাহিনী সাফিকুর রহমানকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাকে তার পদ থেকে বরখাস্ত করা হয়।