ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামীর অসৎ আচরণের কারণেই তাদের সঙ্গে করা সমঝোতা থেকে ইসলামী আন্দোলন সরে এসেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী ইশতেহারও প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে তিনি জানান, শুরুতে জামায়াতের নেতৃত্বে কোনো ১১ দলীয় জোট করা হয়নি; বরং ৮ দলীয় একটি সমঝোতা হয়েছিল। তিনি ব্যাখ্যা করেন, সমঝোতা ও জোট এক নয়—জোটে একক নেতৃত্ব থাকে,
কিন্তু সমঝোতায় সিদ্ধান্ত হয় পারস্পরিক আলোচনার মাধ্যমে। কিন্তু পরে জামায়াত একতরফাভাবে সমঝোতাকে জোটে রূপ দেয় এবং পূর্ব আলোচনা ছাড়াই নতুন দল অন্তর্ভুক্ত করে।
চরমোনাই পীর বলেন, “আমরা দেশ গড়ার লক্ষ্য ও ইসলামের পক্ষে একটি ভোট বাক্স দেওয়ার প্রত্যাশা নিয়ে একত্র হয়েছিলাম। কিন্তু এমন একটি জোট গঠন করা হলো যেখানে ইসলাম, দেশের স্বার্থ কিংবা নিজেদের মধ্যে সৌহার্দ্য নেই—তখনই আমরা সেখান থেকে বেরিয়ে আসি।”
তিনি আরও অভিযোগ করেন, জামায়াত মার্কিনদের সঙ্গে বৈঠকে ইসলামী আন্দোলনকে উগ্রবাদী হিসেবে উপস্থাপন করেছে, যা দুঃখজনক ও নিন্দনীয়। তিনি বলেন, বাংলাদেশে কোনো রাজনৈতিক দল কখনো দেশকে জঙ্গিবাদী হিসেবে কলঙ্কিত করেনি। এ ধরনের আচরণে তারা গভীরভাবে মর্মাহত বলে জানান চরমোনাই পীর।