মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় একটি কিশোর গ্যাংয়ের আস্তানায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর বিশেষ অভিযান চালানো হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, লোহার রড ও চকলেট বোমা উদ্ধার করা হলেও গ্যাংয়ের কোনো সদস্যকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (৩ ফেব্রুয়ারি) রাত দুইটা থেকে ভোর পর্যন্ত উপজেলার ইমামপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের খেয়াঘাট এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের আওতাধীন গজারিয়া আর্মি ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। দীর্ঘ কয়েক ঘণ্টা চলা অভিযানে কিশোর গ্যাংয়ের ব্যবহৃত একটি আস্তানা থেকে ১৬টি ধারালো দেশীয় অস্ত্র, পাঁচটি লোহার রড এবং ৩০টি চকলেট বোমা উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, স্থানীয় সাব্বির, শাকিল ও মিহাদের নেতৃত্বে এই কিশোর গ্যাংটি দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিল। তারা দেশীয় অস্ত্র প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টি, চাঁদাবাজি এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।
গজারিয়া সেনা ক্যাম্পের অপারেশন অফিসার জানান, এলাকার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী দৃঢ়ভাবে কাজ করছে। সন্ত্রাস, নাশকতা ও মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে বলেন, পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়েছে। অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।