জুলাই চেতনা বাস্তবায়নে তরুণ প্রজন্মকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম। বুধবার সকালে রাজধানীর গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে আয়োজিত ‘জেন-জি’র মুখোমুখি ড. আব্দুল মান্নান’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহিদুল ইসলাম বলেন, একটি রাজনৈতিক দল খুনি শেখ হাসিনার ফ্যাসিবাদী কাঠামো টিকিয়ে রাখতে চায় এবং সে কারণেই তারা গণভোটের বিরোধিতা করছে। তিনি বলেন, “জেনারেশন জেড শুধু কথা শোনে না, তারা প্রত্যেক ব্যক্তির কথা ও কাজ পর্যবেক্ষণ করেই সিদ্ধান্ত নেয়।” তরুণ সমাজকে উদ্দেশ করে তিনি আরও বলেন, পৃথিবীর বড় বড় পরিবর্তন সবসময় যুবসমাজের হাত ধরেই এসেছে, আর জেন-জিরাও স্বপ্ন দেখে ও সেই স্বপ্ন বাস্তবায়নের শক্তি রাখে।
তিনি অভিযোগ করেন, যারা নিজের দেশে ফেরা নিয়েও অদৃশ্য শক্তির ওপর নির্ভরশীল, তারাই জামায়াতে ইসলামীকে ‘গুপ্ত শক্তি’ বলে অপপ্রচার চালাচ্ছে। অথচ সংকটে যারা দেশ ছেড়ে পালায়, জনগণ তাদের চেনে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানের প্রধান বক্তা ঢাকা-৬ আসনে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী ড. আব্দুল মান্নান বলেন, যারা ক্ষমতায় যাওয়ার আগেই দখল ও নিপীড়নে জড়ায়, তারা ক্ষমতায় গেলে মানুষের জান-মালের নিরাপত্তা থাকবে না। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটে ‘হ্যাঁ’ ভোট ও দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।