সাবেক আওয়ামী লীগ সমর্থকদের প্রায় ৪৮ শতাংশ বর্তমানে বিএনপিকে সমর্থন করছেন বলে জানিয়েছে এক গবেষণা। বাকি ৫২ শতাংশ ভোটার অন্য প্রার্থী বা বিকল্প রাজনৈতিক শক্তির দিকে ঝুঁকতে পারেন।
পাশাপাশি, ২০০৮ সালের পর প্রথমবার ভোট দিতে যাওয়া ভোটারদের মধ্যে ৩৭ দশমিক ৪ শতাংশ জামায়াতকে পছন্দ করছেন বলেও উঠে এসেছে গবেষণায়।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন (সিআরএফ) ও বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক ওপিনিয়ন স্টাডিজ (বিইপিওএস) যৌথভাবে এ প্রতিবেদন প্রকাশ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মোহাম্মদ শাহাবুল হক। গবেষণাটি উপস্থাপন করেন সিআরএফের স্ট্র্যাটেজিক কো-অর্ডিনেটর জাকারিয়া পলাশ।
প্রতিবেদনটি ২০২৬ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটারদের অংশগ্রহণ, অগ্রাধিকার, নেতৃত্ব বিষয়ে ধারণা ও নির্বাচনি পরিবেশ নিয়ে করা। ২০২৫ সালের ২০ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত স্ট্রাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং পদ্ধতিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ১১ হাজার ৩৮ জন ভোটারের মতামত সংগ্রহ করা হয়।
গবেষণায় দেখা যায়, ৯০ শতাংশের বেশি ভোটার ভোট দিতে আগ্রহী। ভোটারদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু দুর্নীতি ও সুশাসন—৬৭ দশমিক ৩ শতাংশ এটিকে প্রধান সমস্যা হিসেবে দেখেছেন। ধর্মীয় ইস্যুকে গুরুত্ব দিয়েছেন ৩৫ দশমিক ৯ শতাংশ।
ভোটাররা ব্যক্তিগত ক্যারিশমার চেয়ে জনদরদি ও দায়িত্বশীল নেতৃত্বকে বেশি পছন্দ করছেন। তথ্যের প্রধান উৎস হিসেবে টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যম এগিয়ে আছে। তবে নির্বাচন ব্যবস্থাপনার তুলনায় ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়েই ভোটারদের উদ্বেগ বেশি।