মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট না নিয়ে বরং মানুষের সমস্যার সমাধানে সর্বোচ্চ চেষ্টা করার অঙ্গীকার করেছেন মো. নাহিদ ইসলাম। তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক এবং ঢাকা-১১ আসনের প্রার্থী।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর মধ্যবাড্ডা, স্বাধীনতা সরণি ও আদর্শনগরসহ আশপাশের এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
সকাল থেকে দুপুর এবং বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। প্রচারণাকালে ভোটাররা তাদের এলাকার চাঁদাবাজি, দখলদারত্ব, মাদক কারবার ও বৈষম্যের কথা তুলে ধরেন এবং এসব সমস্যা নিরসনে স্পষ্ট প্রতিশ্রুতি চান।
জবাবে নাহিদ ইসলাম বলেন, “আমি মিথ্যা প্রতিশ্রুতির ফুলঝুরি ছড়িয়ে রাজনীতি করতে চাই না। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে যে সমস্যাগুলোর কথা বলছেন, সেগুলো সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবো। এগুলোই হবে আমার কাজের অগ্রাধিকার।”
মধ্যবাড্ডার আদর্শনগরে এক নারী ভোটার চাঁদাবাজি ও বৈষম্য বন্ধের শর্তে ভোট দেওয়ার কথা জানালে নাহিদ ইসলাম বিজয়ী হলে চাঁদাবাজি, দখলদারত্ব ও মাদক কারবার বন্ধের অঙ্গীকার করেন। তিনি বলেন, “এ নির্বাচন ব্যক্তি বা দলের নয়; এটি এলাকার নিরাপত্তা, ন্যায়বিচার ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য সমাজ গড়ার প্রশ্ন।”
নাহিদ ইসলাম আরও বলেন, রাজনৈতিক সদিচ্ছার অভাবে দীর্ঘদিন চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ হয়নি। জনগণের সমর্থন পেলে ঢাকা-১১ এলাকাসহ সারাদেশে শান্তি, নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কাজ করবেন তিনি।