রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি অভিযান চলছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার পর থেকে এ অভিযান শুরু হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের উদ্দেশ্যে মতিঝিল এজিবি কলোনির একটি ভবনে অভিযান চালাচ্ছে ডিবি পুলিশ।
এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন,
“একটি অভিযান চলছে। এ বিষয়ে এখন কিছু বলা ঠিক হবে না। বিস্তারিত পরে জানানো হবে।”
উল্লেখ্য, গত শনিবার রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল থেকে দেওয়া একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য দেখা যায়। পরে ওই পোস্টটি এক্স অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেওয়া হয়। এরপর জামায়াতের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, সাইবার হামলার মাধ্যমে অননুমোদিতভাবে ওই পোস্ট প্রকাশ করা হয়েছে এবং জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।