নির্বাচন কমিশন বিএনপির প্রধানকে আগামী ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশনে নির্বাচনি ভাষণ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিটিভির মহাপরিচালকের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।
বিটিভি মহাপরিচালককে দেওয়া চিঠিতে বলা হয়েছে,
“সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনি পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ টেলিভিশনে প্রচারণার ক্ষেত্রে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নির্বাচনি পরিবশে সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ টেলিভিশনে দলীয় প্রধানের নির্বাচনি প্রচারের জন্যে স্লট বরাদ্দের বিষয়ে মাননীয় কমিশন নির্দেশনা প্রদান করেছেন।”
চিঠিতে আরও উল্লেখ করা হয়, এ ক্ষেত্রে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৬ (জনসভা, পথসভা ও সমাবেশ অনুষ্ঠান)-এর উপবিধি (গ) অনুসরণ করতে হবে। সেই অনুযায়ী লিখিত আবেদন পাওয়ার সময়ের ক্রমানুসারে স্লট নির্ধারণ করতে হবে এবং বিটিভিকে প্রতিটি রাজনৈতিক দলের প্রধানের জন্য স্লট বরাদ্দ ও মেয়াদ নির্ধারণ করতে হবে। প্রচারণার রেকর্ডিংয়ের তারিখ ও সময় সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে বিটিভি চূড়ান্ত করবে বলেও নির্দেশনায় উল্লেখ রয়েছে।
ইসি জানিয়েছে, যেসব রাজনৈতিক দল বিটিভিতে প্রচারণার সুযোগ চাইবে, তাদের আবেদন ক্রমানুযায়ী বক্তব্য প্রদানের সুযোগ দিতে হবে। তবে এখন পর্যন্ত বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের আবেদন পাওয়া যায়নি। সে কারণে বিএনপি প্রধানের দাবিকৃত ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে বক্তব্য প্রদানের সুযোগ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিটিভিকে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এবারের জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণের আগে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রার্থীরা নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন।