চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের সাতজন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামী–তে যোগ দিয়েছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নে চাঁপাইনবাবগঞ্জ–১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী এবং রাজশাহী মহানগর জামায়াতের আমির ড. কেরামত আলী–এর মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।
এ সময় জাতীয়তাবাদী কৃষক দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদ সদস্য আশরাফুল ইসলামসহ সাতজন নেতাকর্মীকে ফুল দিয়ে দলে বরণ করে নেন ড. কেরামত আলী।
অন্য যারা জামায়াতে যোগ দেন তারা হলেন—ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা নাইমুল ডাক্তার, মো. মসিদুল, মো. মর্তুজা এবং ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন মেম্বার ও খায়রুল ইসলাম।
যোগদানকারী নেতাকর্মীরা জানান, জামায়াতে ইসলামীর আদর্শ ও কর্মসূচিতে অনুপ্রাণিত হয়েই তারা দলটিতে যোগ দিয়েছেন।
এ বিষয়ে জামায়াত মনোনীত প্রার্থী ড. কেরামত আলী বলেন, “দেশে ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ আমাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যুক্ত হচ্ছেন। এতে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে এবং আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ে তারা সক্রিয় ভূমিকা রাখবেন।”