বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, বাংলাদেশকে রক্ষা করার সক্ষমতা বিএনপি ছাড়া আর কোনো রাজনৈতিক দলের নেই। তার দাবি, আওয়ামী লীগ দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে ও খাদের কিনারায় দাঁড় করিয়ে রেখে গেছে, আর সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে উদ্ধার করার শক্তি কেবল বিএনপিরই রয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নরসিংদী সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নে নির্বাচনী গণসংযোগকালে ধানের শীষের পক্ষে ভোট চাইতে গিয়ে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, “বিএনপি চারবার জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। সে কারণেই একটি সুন্দর, কার্যকর ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই রয়েছে।”
তিনি আরও বলেন, “পাপ বাপরেও ছাড়ে না। আওয়ামী লীগ এবং ফ্যাসিস্ট হাসিনা সরকার নানা অপকর্ম ও অন্যায়ের সঙ্গে জড়িত ছিল বলেই তাদের পতন হয়েছে। আজ আর নৌকা মার্কা নেই। মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ আজ নির্বাহী আদেশে নিষিদ্ধ।”
নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, “এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভোট দেওয়ার সময় চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে—যে ব্যক্তি ও দল আপনাদের আমানতের খেয়ানত করবে না, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা করবে এবং সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন করবে, তাকেই ভোট দিন।”
এ সময় নরসিংদী জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।