ভোটাররা যাতে সুষ্ঠু ও নিরাপদভাবে ভোটকেন্দ্রে যেতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব সরকারের—এমন মন্তব্য করেছেন নোয়াখালী–৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী আবদুল হান্নান মাসউদ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সুখচর ইউনিয়ন–এর রামচরণ বাজারে নির্বাচনী গণসংযোগকালে তিনি এ আহ্বান জানান।
হান্নান মাসউদ বলেন, “সাধারণ ভোটারদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। সরকার এবং রাজনৈতিক দলের নেতাদেরই দায়িত্ব ভোটকেন্দ্রে নিরাপদে যাওয়ার পরিবেশ তৈরি করা। ভোটারদের কাজ হলো ভোট দেওয়া—আর কেন্দ্রে যাবেন হেঁটে না রিকশায়, সেটি তাদের ব্যক্তিগত পরিকল্পনার বিষয়।”
তিনি আরও বলেন, “জনগণের কাছে শান্তির বার্তা পৌঁছে দিতে হবে। কে শান্তির কথা বলছে আর কে হুমকি দিচ্ছে—এই পার্থক্য বুঝেই ভোটাররা সিদ্ধান্ত নেবেন। হুমকির ভয়ে অন্যায়ের পক্ষে দাঁড়ানো অত্যন্ত দুঃখজনক।”
বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “মানুষকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। এভাবে চলতে থাকলে জুলাই বিপ্লবের মতো হাতিয়াতেও গণআন্দোলন বা গণবিপ্লবের সৃষ্টি হতে পারে।”