যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক সাময়িকী The Economist বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শীর্ষ অবস্থানে রয়েছেন বলে মন্তব্য করেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) প্রকাশিত সাময়িকীটির সর্বশেষ সংখ্যায় প্রকাশিত এক বিশ্লেষণে এ পূর্বাভাস দেওয়া হয়।
বিশ্লেষণে বলা হয়, ৬০ বছর বয়সী তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার প্রধান দাবিদার। এই নির্বাচনকে ১৮ মাস আগে সংঘটিত এক ‘বিপ্লব’-এর পর প্রথম জাতীয় নির্বাচন হিসেবে উল্লেখ করে সাময়িকীটি জানায়, ওই আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের দীর্ঘ শাসনের অবসান ঘটে।
দ্য ইকোনমিস্টের মতে, গণতন্ত্রে প্রত্যাবর্তনের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, বিনিয়োগকারীদের আস্থা বাড়বে এবং ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপোড়েনপূর্ণ সম্পর্ক স্বাভাবিক হওয়ার সুযোগ তৈরি হবে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০০৮ সালের পর বাংলাদেশে কোনো ‘যথাযথ’ নির্বাচন হয়নি এবং প্রায় ৪০ শতাংশ ভোটার কখনো প্রকৃতভাবে ভোট দেওয়ার সুযোগ পাননি।
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। সাময়িকীটি মনে করে, রাজনৈতিক সংস্কার ও জনমত জরিপে এগিয়ে থাকার কারণে তারেক রহমানের জন্য এটি একটি বড় সুযোগ তৈরি করেছে।
দ্য ইকোনমিস্টের এই বিশ্লেষণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নির্বাচন ও নেতৃত্ব পরিবর্তন নিয়ে বাড়তি আগ্রহের ইঙ্গিত দিচ্ছে।