নাটোর-২ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “নির্বাচিত হওয়ার আগেই ওরা সেনানিবাসে অস্ত্র নিয়ে প্রবেশ করতে চায়। নির্বাচিত হলে অস্ত্রের ট্রাক নিয়ে প্রবেশ করবে।”
তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী দেশপ্রেমিক সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে নাটোর উপশহর মাঠে নির্বাচনী এলাকার তিন সহস্রাধিক চা-দোকানিকে নিয়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নারীদের সর্বোচ্চ সম্মান দিয়েছেন। নির্যাতিত নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, শিক্ষা ও কর্মক্ষেত্রে সমান অধিকার নিশ্চিত করার উদ্যোগ ছিল তাঁদের রাজনীতির অংশ।
তিনি বলেন, তাঁদের যোগ্য সন্তান বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির মাধ্যমে নারীদের মর্যাদা ও সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন।
সমাবেশে দুলু আরও বলেন, দীর্ঘদিন ক্ষমতায় থেকে দেশকে অশান্ত করা হয়েছে, মানুষের ভাত ও ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এবার জনগণ ঐক্যবদ্ধ হয়ে সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে দাঁড়িয়েছে। তিনি ১২ ফেব্রুয়ারি সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং বলেন, ধানের শীষ বিজয়ী হলে ৩১ দফার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়া হবে।
সমাবেশে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।