আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) বক্তব্য দেবেন তারেক রহমান। নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনায় আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) শেষ স্লটে বিএনপির দলীয় প্রধানের এই বক্তব্য প্রচার করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিটিভির মহাপরিচালককে নির্দেশ দিয়েছে ইসি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সমান প্রচার-সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে বিটিভিতে রাজনৈতিক দলের প্রধানদের বক্তব্য প্রচারের জন্য নির্দিষ্ট স্লট বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসির নির্দেশনায় উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৬-এর উপবিধি (গ) অনুসারে লিখিত আবেদন প্রাপ্তির সময়ের ক্রমানুসারে স্লট নির্ধারণ করতে হবে। পাশাপাশি, প্রতিটি রাজনৈতিক দলের প্রধানের জন্য স্লটের মেয়াদ ও রেকর্ডিংয়ের সময়সূচি সংশ্লিষ্ট দলের সঙ্গে আলোচনা করে বিটিভি নির্ধারণ করবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ পর্যন্ত বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল বিটিভিতে বক্তব্য প্রচারের জন্য আবেদন করেনি।
তাই আবেদন অনুযায়ী বিএনপির দলীয় প্রধান তারেক রহমানকে ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এবারের জাতীয় সংসদ নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত নির্বাচনী প্রচার চালানো যাবে। ২০০৮ ও ২০১৩ সালের নির্বাচনের ধারাবাহিকতায় এবারও দলীয় প্রধানদের বক্তব্য প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।