বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তারা দুর্নীতিবাজ, ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিমুক্ত বাংলাদেশ গড়তে চান। তিনি বলেন, এই লক্ষ্য বাস্তবায়নে তরুণ সমাজ জেগে উঠেছে, যার প্রতিফলন দেখা গেছে ডাকসু ও চাকসুসহ বিভিন্ন ছাত্রসংসদ নির্বাচনের ভোটে। আগামী ১২ ফেব্রুয়ারি জনতার রায়ে বাংলাদেশ তার পথ খুঁজে পাবে বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সীতাকুণ্ড আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, “২৪ না হলে ২৬ পাওয়া যেত না। যারা এটিকে অস্বীকার করে, তাদের এই ২৬-এ লাল কার্ড দেখাতে হবে।” তিনি দাবি করেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আজাদি ও গণজোয়ার জেগে উঠেছে।
নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, কেউ যদি টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করে, তাহলে তাকে আইনের হাতে তুলে দিতে হবে। তিনি বলেন, অতীতে ভোটাধিকার হরণ করা হলেও এবার জনগণ তা হতে দেবে না।
বিজয়ের আগে বিশ্রাম না নিতে নেতাকর্মীদের আহ্বান জানিয়ে তিনি বলেন, গত সাড়ে ১৫ বছর মানুষ ছিল মজলুম, কিন্তু অল্প সময়েই একটি গোষ্ঠী চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হলে তাদের দুর্নীতির স্বপ্ন ভেঙে যাবে বলে তিনি মন্তব্য করেন।
সমাবেশে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহজাহান ও উত্তর জেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ আমিরুজ্জামান।