শাহরিয়ার আহমেদ শাওন, নবীগঞ্জ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ–১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে বিভিন্ন দলের প্রার্থীরা ব্যাপক প্রচার–প্রচারণা চালিয়ে গেলেও ব্যতিক্রম চিত্র দেখা যাচ্ছে সংসদ সদস্য প্রার্থী গণতান্ত্রিক যুক্তফ্রন্টের মননীত কাজী তোফায়েল আহমদের ক্ষেত্রে।
নির্বাচনী মাঠে এখন পর্যন্ত তাঁর কোনো দৃশ্যমান প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে না।
নির্বাচনী পোস্টার, ব্যানার, মাইকিং কিংবা গণসংযোগ—কোনো মাধ্যমেই কাজী তোফায়েল আহমদের উপস্থিতি চোখে পড়েনি। এতে করে ভোটারদের মধ্যে নানা প্রশ্ন ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। অনেকেই জানতে চাইছেন, তিনি আদৌ নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন কিনা, নাকি ভিন্ন কোনো কৌশল অবলম্বন করছেন।
স্থানীয় রাজনৈতিক মহলের মতে, যেখানে অন্য প্রার্থীরা গ্রাম থেকে গ্রাম ঘুরে ভোটারদের কাছে যাচ্ছেন, সেখানে একজন সংসদ সদস্য প্রার্থীর এমন নীরবতা নির্বাচনী মাঠে আলোচনার জন্ম দিয়েছে। ভোটারদের একটি অংশ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে।
এ বিষয়ে কাজী তোফায়েল আহমদ বা তাঁর নির্বাচনী টিমের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।