ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, একটি রাজনৈতিক দল ইসলামের দোহাই দিয়ে ক্ষমতার লোভে মত্ত হয়ে উঠেছে। তারা ইসলামী শাসন ব্যবস্থার কথা বললেও বাস্তবে প্রচলিত ভিন্ন নিয়মে দেশ পরিচালনা করতে চায়, যা ইসলামী হুকুমতের সঙ্গে সাংঘর্ষিক এবং এতে সাধারণ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব সেলিম মাহমুদ-এর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল করিম বলেন, ক্ষমতার লোভে ওই দল আমেরিকা ও ভারতের আধিপত্যের প্রতি নতজানু। তাদের কথা ও কাজের কোনো মিল নেই। তিনি বলেন, যেমন চকচকে ইমিটেশন জিনিস দেখতে সোনার মতো হলেও প্রকৃত সোনা নয়, তেমনি কিছু লোক ইসলামের লেবাস পরে ইসলামের কথা বললেও তারা প্রকৃত ইসলামী দল নয়; বরং ভিনদেশি অ্যাজেন্ডা বাস্তবায়ন করছে।
তিনি আরও বলেন, অতীতে বিএনপি ও বিএনপি-জামায়াত জোট শাসনামলে দুর্নীতি ও অর্থপাচারের চিত্র দেশবাসী দেখেছে। ইসলামের দোহাই দিয়ে জান্নাতের টিকিট দেওয়ার নামে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
চরমোনাই পীর দাবি করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশই একমাত্র দল, যারা এ দেশে মদিনার আদর্শভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠায় আন্তরিকভাবে কাজ করছে।