আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আবারও সহিংস রাজনীতির শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা লাশের রাজনীতি শুরু করেছেন এবং মানুষ হত্যার মাধ্যমে নির্বাচনে জয়ী হতে চাইছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর রামপুরার কুঞ্জবন এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ আমলে দেশে যে সহিংসতা ও অনিয়ম দেখা গেছে, তার পুনরাবৃত্তির আশঙ্কা এখন স্পষ্ট। তিনি বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচনে কেন্দ্র দখল হবে না—এমন নিশ্চয়তা কেউ দিতে পারছে না।”
ঢাকা-১১ আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী নাহিদ ইসলাম আরও বলেন, নির্বাচনকে ঘিরে ভয়ভীতি ও সহিংসতার মাধ্যমে সাধারণ মানুষের ভোটাধিকার ক্ষুণ্ন করার চেষ্টা চলছে। তিনি জনগণকে সজাগ থাকার আহ্বান জানান।
এ সময় বিএনপির প্রতিদ্বন্দ্বী প্রার্থী ড. এম এ কাইয়ুম-এর দ্বৈত নাগরিকত্ব প্রসঙ্গে তিনি বলেন, কেউ সংবিধান ও আইন লঙ্ঘন করলে তা মেনে নেওয়া যায় না। এ কারণেই আদালতের দ্বারস্থ হওয়া হয়েছে।
উল্লেখ্য, দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন নাহিদ ইসলাম। রিটে তার প্রার্থিতা স্থগিতের আবেদন জানানো হয়েছে।