রংপুর-৪ আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রোববার (১ ফেব্রুয়ারি) কাউনিয়া উপজেলার হারাগাছা এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে এক নির্বাচনী পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্যে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন নারীদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন,
“আমাদের এলাকায় গতকালও নারীদের ওপর আক্রমণ ও হয়রানি করা হয়েছে। নারীদের নিয়ে বাঁদরামি কইরেন না।” একই সঙ্গে তিনি এ ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান।
পথসভায় আখতার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ জুলুম, গুম ও নির্যাতনের শিকার হয়েছে। ফ্যাসিবাদ থেকে মুক্ত হলেও এখনো দুর্নীতি ও বৈষম্য রয়ে গেছে। এসব অবস্থা পরিবর্তনে জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ১১ দলীয় ঐক্য জোট গঠন করা হয়েছে বলে জানান তিনি।
নির্বাচিত হলে স্থানীয় পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করতে আয়-ব্যয়ের হিসাব প্রকাশ, গর্ভবতী মায়েদের জন্য ভ্রাম্যমাণ মেডিকেল সেন্টার স্থাপন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি।
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ জোটের অন্যান্য নেতারা। তারা আঞ্চলিক বৈষম্য দূর, সুশাসন প্রতিষ্ঠা এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেন।