ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী জেলাজুড়ে চলছে উৎসবমুখর নির্বাচনী প্রচার-প্রচারণা। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর থেকেই নিজ নিজ নির্বাচনী এলাকায় সক্রিয় হয়ে উঠেছেন প্রার্থীরা ও তাদের সমর্থকরা। পথসভা, মিছিল, লিফলেট বিতরণ, মাইকিং ও ব্যানার-ফেস্টুন টানিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন তারা।
দিন যত গড়াচ্ছে, নির্বাচনী আমেজ ততই বাড়ছে। শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চল, পাড়া-মহল্লার চায়ের দোকান থেকে শুরু করে হাট-বাজার-সবখানেই চলছে নির্বাচন নিয়ে আলোচনা ও গুঞ্জন। দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে ভোটারদের মধ্যেও দেখা যাচ্ছে উৎসাহ-উদ্দীপনা। ইতোমধ্যে বিভিন্ন নির্বাচনী এলাকা ব্যানার ও ফেস্টুনে সজ্জিত করা হয়েছে।
প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন এবং লিফলেট বিতরণের মাধ্যমে নিজেদের নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরছেন। অনেক এলাকায় সন্ধ্যার পর মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।
নীলফামারী-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মো. মঞ্জুরুল ইসলাম আফেন্দি, জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল জলিল, জাতীয় পার্টির মেজর (অব.) তসলিম উদ্দিন, বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট (বিএনএফ)-এর সিরাজুল ইসলাম, খেলাফত মজলিশের মো. সাদ্দাম হোসেন, বাসদ (মার্কসবাদী)-এর মো. রফিকুল ইসলাম, জেপি (মঞ্জু)-এর মো. মখদুম আজম মাশরাফী ও ন্যাপের জেবেল রহমান গানি।
নীলফামারী-২ আসনে প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের খালাতো ভাই ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, জামায়াতের আল ফারুক আব্দুল লতীফ, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাসিবুল ইসলাম, খেলাফত মজলিসের সারোয়ারুল আলম বাবু, বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট (বিএনএফ)-এর সিরাজুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী মিনহাজুল ইসলাম মিনহাজ।
নীলফামারী-৩ (জলঢাকা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির সৈয়দ আলী, জামায়াতের মাওলানা ওবায়দুল্লাহ সালাফী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমজাদ হোসেন।
নীলফামারী-৪ আসনে বিএনপির আব্দুল গফুর সরকার, জামায়াতের হাফেজ আব্দুল মুনতাকিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের শহিদুল ইসলাম, জাতীয় পার্টির সিদ্দিকুল আলম ও জয়নাল আবেদীন, বাংলাদেশ জাতীয় পার্টির মির্জা শওকত আকবর রওশন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির নুর মোহাম্মদ, বাসদ (মার্কসবাদী)-এর মাইদুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী এস. এম. মামুনুর রশিদ, জোবায়দুর রহমান হীরা ও রিয়াদ আরফান সরকার নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন।
সার্বিকভাবে নীলফামারী জেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা চলতে দেখা যাচ্ছে। ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই জমে উঠছে নির্বাচনী লড়াই।