বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান–এর ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের বিষয়ে দেওয়া একটি পোস্ট ঘিরে ব্যাপক আলোচনা ও সমালোচনার মধ্যে বিষয়টি নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরিন আমিন ভূঁইয়া (মোনামী)। তিনি মনে করেন, উক্ত এক্স অ্যাকাউন্টটি সত্যিই হ্যাক হয়েছিল।
রোববার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, “গতকাল থেকে জামায়াত ইস্যুতে আমাকে ঘিরে নানা কথা বলা হচ্ছে। আমি কোনো রাজনৈতিক দলের মুখপাত্র নই যে রাজনীতির প্রতিটি বিষয়ে আমাকে প্রতিক্রিয়া জানাতে হবে।”
জামায়াতের পক্ষ থেকে এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ব্যাখ্যাসহ দেওয়া বিবৃতি শেয়ার করে তিনি লেখেন, “শারীরিক অসুস্থতার কারণে গতকাল রাতে আমি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলাম না। আজ সকালে উঠে ভাইরাল পোস্টটি দেখি এবং দেখি যে জামায়াত ইতোমধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে। তাদের ব্যাখ্যা ও উপস্থাপিত প্রমাণ দেখে আমার মনে হয়নি, পোস্টটি তাদের টিম থেকে করা হয়েছে।”
তিনি আরও বলেন, “জামায়াত এভিডেন্সসহ ক্লিয়ারিফিকেশন দিয়েছে এবং আমি সেটি বিশ্বাস করেছি। আপনি বা আপনারা যদি এতে সন্তুষ্ট না হন, সেটা একান্তই ব্যক্তিগত বিষয়।”
পোস্টের শেষাংশে ঢাবির এই শিক্ষিকা লেখেন, “যাদের ন্যূনতম সাধারণ বোধ আছে, তারা বুঝবেন—নির্বাচনের মাত্র ১০ দিন আগে কোনো রাজনৈতিক দল নিজেকে ক্ষতিগ্রস্ত করার মতো এমন কাজ করবে না। তাই আমি বিশ্বাস করি, এক্স অ্যাকাউন্টটি সত্যিই হ্যাক হয়েছিল।”