মোঃআতেফ ভূঁইয়া, গাজীপুর সদর
গাজীপুরের কালীগঞ্জে এক যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে কুখ্যাত অপরাধী মিঠু পাঠানসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে। একই অভিযানে অপহৃত যুবককে জীবিত উদ্ধার করা হয়।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন।
পুলিশ জানায়, গত ৩০ জানুয়ারি রাতে প্রাণ আরএফএল কোম্পানির ছুটি শেষে বাড়ি ফেরার পথে কালীগঞ্জ উপজেলার মূলগাঁও এলাকায় মো. হক সাব (২৪) নামে এক যুবককে একটি সংঘবদ্ধ চক্র অপহরণ করে। অপহরণকারীরা তাকে কাঠবাগান এলাকায় নিয়ে গিয়ে প্রথমে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরে তার কাছে থাকা ৪ হাজার টাকা নিয়ে আরও ১০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে চাপ দেয়। প্রাণভয়ে ভুক্তভোগী তার স্ত্রীকে ফোন করে টাকা পাঠানোর ব্যবস্থা করেন।
ঘটনার খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে। ৩১ জানুয়ারি গভীর রাতে দেওপাড়া এলাকার সেভেন রিংস কোম্পানির সামনে থেকে জাহিদ হাসান, তামিম (১৯) ও সাগর (২৫) নামে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের হেফাজত থেকে অপহৃত যুবককে উদ্ধার করা হয়।
পরবর্তীতে আরও অভিযান চালিয়ে মূলগাঁও এলাকা থেকে চক্রের অন্যতম সদস্য মিঠু পাঠান (৪০) এবং ঘোনাপাড়া এলাকা থেকে কনক মিয়া (২১) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় শনিবার কালীগঞ্জ থানায় মামলা (নম্বর-৩২) দায়ের করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ৩৬৫ (অপহরণ), ৩৮৫ ও ৩৮৬ (মুক্তিপণ দাবি) এবং ৫০৬ (ভয়ভীতি প্রদর্শন) ধারায় অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শীর্ষ অপরাধী মিঠু পাঠানের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ ও মাদকসহ মোট ১৭টি মামলা রয়েছে। অপর আসামি কনক মিয়ার বিরুদ্ধেও ডাকাতি, চুরি ও অপহরণ সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
এদিকে পৃথক অভিযানে কালীগঞ্জ উপজেলার পানজোড়া এলাকা থেকে ইয়াবাসহ সানি মিয়া (২২) ও জাহিদুল (২৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা তাদের প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমান আদালত ও পুলিশ জানায়, এলাকায় অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।