সোহেল রানা, সিংগাইর
মানিকগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেছেন, নির্বাচনে বিজয়ের লক্ষ্য নিয়েই তিনি আগেই সিংগাইরের রাস্তা-ঘাটসহ সার্বিক উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করেছেন।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী প্রচারণা সভায় তিনি এসব কথা বলেন।
ইঞ্জিনিয়ার শান্ত বলেন, তাঁর পিতা শামসুল ইসলাম খান নয়া মিয়ার স্বপ্ন ছিল সিংগাইরকে একটি আধুনিক উপশহর হিসেবে গড়ে তোলা। নির্বাচনে জয়ী হলে তিনি বাবার সেই স্বপ্ন বাস্তবায়নের পাশাপাশি সিংগাইরসহ দক্ষিণ মানিকগঞ্জকে অপরাধমুক্ত ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলবেন।
সভায় তিনি কৃষিখাত নিয়ে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, জমি চাষাবাদের জন্য প্রয়োজনীয় সার, বীজ ও কীটনাশক অনেক কৃষকের নাগালের বাইরে। কৃষকদের ন্যায্যমূল্যে এসব উপকরণ নিশ্চিত করতে বিএনপি কৃষি কার্ড চালুর ঘোষণা দিয়েছে। একই সঙ্গে প্রত্যেক পরিবারের প্রধান নারী সদস্যকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। এসব কার্ডের মাধ্যমে কৃষি ঋণসহ প্রয়োজনীয় সহায়তা সহজে পাওয়া যাবে।
স্থানীয় সমাজহিতৈষী হাজী মোস্তফা মিয়ার সভাপতিত্বে এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক যুবদল নেতা ইকবাল হোসেন শামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আফতাব হোসেন মোল্লা, যুক্তরাজ্য বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আলিমুল হক লিটন, জামির্তা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম, সিংগাইর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন ও সদর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান জাহিনুর রহমান সৌরভসহ অন্যান্য নেতৃবৃন্দ।