মঈন উদ্দীন,বান্দরবান প্রতিনিধি
গণভোট ও আসন্ন নির্বাচনকে সামনে রেখে সচেতনতা বৃদ্ধি এবং নাগরিক সম্পৃক্ততা জোরদারের লক্ষ্যে “গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার” শীর্ষক কমিউনিটি ব্রডকাস্ট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে বান্দরবান জেলা প্রশাসনের সহযোগিতায় এবং বাংলাদেশ বেতার বান্দরবান-এর আয়োজনে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে এ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. আব্দুর রহমান এবং জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম,জেলা তথ্য কর্মকর্তা মো.আনোয়ার হোসেনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বক্তব্যে মাহবুবা ফারজানা ভোটারদের উদ্দেশ্য বলেন, ভোট দেওয়ার আগে প্রার্থী সম্পর্কে যাচাই-বাছাই করে ভোট দিতে হবে। এবং দেশের স্বার্থে অবশ্যই হ্যাঁ ভোট ও না ভোটে অংশগ্রহণ করতে হবে।
বক্তারা আরও বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে গণভোট ও নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে বাংলাদেশ বেতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাহাড়ি ও দুর্গম অঞ্চলের মানুষের কাছে তথ্য পৌঁছে দিতে কমিউনিটি ব্রডকাস্ট কার্যক্রম কার্যকর মাধ্যম হিসেবে কাজ করছে। তারা বলেন, সঠিক তথ্য প্রচার, ভোটারদের সচেতন করা এবং নির্বাচন ও গণভোট সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর করতে বাংলাদেশ বেতার নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য ভূমিকা পালন করে যাচ্ছে।
অনুষ্ঠানের আলোচনা পর্ব শেষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।