জাতীয় সংসদে কুরআন যাবে, না মানব রচিত মতবাদ যাবে ১২ ফেব্রুয়ারি তার পরীক্ষা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। এছাড়াও যারা শরিয়তের আইনের পক্ষে নাই, সেগুলো যে নামেই থাকুক না কেন শয়তানের দল বলেও উল্লেখ করেন তিনি।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে জয়পুরহাটে শহীদ ডা. আবুল কাশেম ময়দানে নির্বাচনী জনসভায় তিনি এমন মন্তব্য করেন।
মুজিবুর রহমান বলেন, বাংলাদেশে যে দলগুলো আছে সেই দলগুলোকে দুই ভাগে ভাগ করতে পারবেন না আপনারা? যারা আল্লাহর আইনের পক্ষে ও কুরআন সুন্নাহ আইনের পক্ষে আছে এরা সব আল্লাহ দল। আর যারা আল্লাহর আইনের পক্ষে নাই, যারা শরিয়তের আইনের পক্ষে নাই, সেগুলো যে নামেই থাকুক না কেন শয়তানের দল।
তিনি বলেন, কুরআনকে জাতীয় সংসদে নিয়ে যেতে হবে। আগামী ১২ তারিখে কুরআন যাবে, না মানব রচিত মতবাদ যাবে জাতীয় সংসদে সেটার পরীক্ষা হয়ে যাবে।
এসময় বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট- ১ আসনের সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাইদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ২ আসনের সংসদ সদস্য প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ, জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোমেন ফকিরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
এ সময় আগামী ১২ তারিখে সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে সরকার গঠনের আহ্বান জানান অন্যান্য নেতৃবৃন্দরা।