বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ এখন জানতে ও দেখতে চায়—কোন রাজনৈতিক দল দেশ ও জনগণের জন্য কী পরিকল্পনা নিয়ে এগোবে। তার মতে, বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করে সামনে এগিয়ে নেওয়ার বাস্তব অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই রয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় বিসিক শিল্প পার্ক এলাকায় আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “বিএনপি ছাড়া এ দেশকে দক্ষভাবে পরিচালনার মতো অভিজ্ঞতাসম্পন্ন আর কোনো রাজনৈতিক দল নেই। মানুষ সবসময় তার ওপরই ভরসা করে, যার অভিজ্ঞতা আছে এবং যে বিপদের সময় জনগণকে ফেলে রেখে চলে যায়নি।”
তিনি বলেন, “দেশ আমাদের অনেক কিছু দিয়েছে। ১৯৭১ সালে লাখো শহীদ জীবন দিয়েছেন দেশকে স্বাধীন করতে। আবার ২০২৪ সালের জুলাই–আগস্টে বহু মানুষ সেই স্বাধীনতা রক্ষায় আত্মত্যাগ করেছেন। এখন আমাদের দায়িত্ব সেই স্বাধীনতাকে অর্থবহ করে তোলা।”
প্রতিপক্ষের সমালোচনায় না গিয়ে তারেক রহমান বলেন, “আমি চাইলে আজ এখানে দাঁড়িয়ে প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা বলতে পারতাম, তাতে আপনারা হাততালি দিতেন। কিন্তু তাতে দেশের কোনো উপকার হতো না।”
তিনি আরও বলেন, “দেশের ২০ কোটি মানুষকে একসঙ্গে নিয়ে সামনে এগোতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একটি গোষ্ঠী আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে। যারা বিভ্রান্তি ছড়াবে, তাদের চিনে রাখবেন—তারা ‘গুপ্ত’। গত ১৬ বছরে তাদের দেখা যায়নি, তারা ছিল তাদের সঙ্গেই, যারা একসময় পালিয়ে গেছে।”
সিরাজগঞ্জবাসীর উদ্দেশে তারেক রহমান বলেন, “তাঁত বা লুঙ্গির কথা বললেই চোখের সামনে ভেসে ওঠে সিরাজগঞ্জ ও পাবনার নাম। এই এলাকার মানুষ ঐতিহ্যবাহী তাঁতশিল্পের সঙ্গে জড়িত। বিএনপি ক্ষমতায় এলে সিরাজগঞ্জের তাঁতশিল্পের পণ্য বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।”
জনসভায় তারেক রহমান সিরাজগঞ্জের পাঁচটি ও পাবনার পাঁচটি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে ভোট চান। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় জনসভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।