মোঃ তাজুল ইসলাম, সুবর্ণচর
নোয়াখালী-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শাহজাহানের সমর্থনে সুবর্ণচরে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান বক্তার বক্তব্যে জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। তরুণ সমাজ আজ ঐক্যবদ্ধ, তারা সুবর্ণচরের উন্নয়নে মোহাম্মদ শাহজাহানকে আবারও সংসদে দেখতে চায়।”
বুধবার, (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই জনসভাটি এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়।
নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এ বি এম জাকারিয়ার সভাপতিত্বে এবং সুবর্ণচর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এনাম হোসেন মঞ্জুরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শাহজাহান বলেন, “সুবর্ণচরের মাটি ও মানুষের সাথে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। এ অঞ্চলের মানুষ প্রতিনিয়ত নদী ভাঙনের সাথে লড়াই করে টিকে আছে। আমরা ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে মেঘনার ভাঙন রোধে স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ নির্মাণ করব। সুবর্ণচরের একটি মানুষও যেন নদী ভাঙনের শিকার হয়ে নিঃস্ব না হয়, সেটিই হবে আমাদের প্রধান লক্ষ্য।”
ভূমিহীনদের অধিকার প্রসঙ্গে তিনি আরও বলেন, “এই চরাঞ্চলের ভূমিহীনরা বছরের পর বছর ধরে নিজ ভূমিতে পরবাসী হয়ে আছেন। প্রভাবশালী মহলের দখলদারিত্ব থেকে ভূমিহীনদের জমি রক্ষা করা হবে এবং প্রকৃত কৃষকদের মাঝে ভূমির সুষম বণ্টন নিশ্চিত করা হবে। ধানের শীষের জয় হলে সুবর্ণচরে আর কোনো ভূমিহীন মানুষ অবহেলিত থাকবে না।”
বিশেষ অতিথি হিসেবে সভায় আরও বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এবং সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ। তারা তৃণমূলের নেতাকর্মীদের আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে অতন্দ্র প্রহরীর মতো কাজ করার আহ্বান জানান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুর রহমান, জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন গাজী, সুবর্ণচর উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন সুমন, এবং উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন। এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মী এবং সাধারণ সমর্থক মিছিলে মিছিলে জনসভাস্থলে যোগ দেন। সভা শেষে নেতৃবৃন্দ ওই এলাকায় ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ চালান।