বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অতীত নিয়ে আর কামড়াকামড়ি নয়, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে সবাইকে সঙ্গে নিয়ে একটি ফরোয়ার্ড লুকিং বাংলাদেশ গড়ে তুলতে চায় জামায়াতে ইসলামী। তিনি বলেন, জাতিকে বিভক্ত না করে মিলেমিশে সামনে এগিয়ে যাওয়াই তাদের রাজনৈতিক লক্ষ্য।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর উত্তর কাফরুল এলাকায় ঢাকা–১৫ আসনে নিজের নির্বাচনী জনসংযোগ শুরুর আগে এসব কথা বলেন তিনি। এদিন উত্তর কাফরুল হাইস্কুল থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু হয়।
একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, নির্বাচন হতে হবে সুন্দর, ভদ্র ও সুশৃঙ্খল। জনগণের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণ যাকে গ্রহণ করবে, সবাই মিলে তাকেই মেনে নিতে হবে।
নিজের নির্বাচনী এলাকা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, এই এলাকাকে তিনি অন্তর থেকে ধারণ করেন এবং এলাকাবাসীকে সঙ্গে নিয়ে এটিকে একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তুলতে চান। তিনি জলাবদ্ধতা, রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্যসেবার ঘাটতি, খেলার মাঠ ও পার্কের অভাবসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
তিনি বলেন, এলাকাকে ঘিরে একটি সুস্পষ্ট রূপকল্প তৈরি করা হয়েছে এবং সুযোগ পেলে সবাইকে নিয়ে সমন্বিতভাবে এসব সমস্যার সমাধান করা হবে।
জানা গেছে, এদিন বিকেলে মনিপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে নারী সমাবেশ এবং পরে বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেবেন জামায়াত আমির।