ঢাকা–৮ আসনের বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি কোনো উসকানিমূলক কর্মকাণ্ডে জড়াবে না এবং প্রতিপক্ষের সঙ্গে বিবাদে যাবে না। তিনি বলেন, বিএনপি বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছে, তাই অপ্রয়োজনীয় কথা বা আচরণে জড়িয়ে সেই বিজয় নষ্ট করা যাবে না।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলের ব্রাদার্স ক্লাব মাঠে এক গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নেতাকর্মীদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, কিছু পক্ষ অসাধু উদ্দেশ্যে দেশকে দুর্বল করে রাখার চেষ্টা করছে। তবে আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমেই জনগণ এসব ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেবে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপি একটি শৃঙ্খলাবদ্ধ ও শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী দল। নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, যাদের নির্বাচনী অভিজ্ঞতা নেই, তারাই মূলত বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত।
নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, প্রতিযোগিতা থাকবে, তবে তা হতে হবে উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ। উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে সবাইকে সংযম বজায় রাখার আহ্বান জানান তিনি।
বক্তব্যের এক পর্যায়ে তিনি শেখ সাদীর কবিতার উদ্ধৃতি দিয়ে বলেন, ‘বেয়াদবের কপাল সব সময়ই খারাপ হয়, আর আদব-কায়দা থাকলে কপাল ভালো থাকে।’