জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, গুন্ডা-পান্ডার অভিভাবক ও লুটেরা-মাফিয়াদের হাতে যেন দেশের ভবিষ্যৎ তুলে দেওয়া না হয়।
মঙ্গলবার ঢাকা-৮ আসনের হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে এনসিপির প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারী–এর ওপর হামলার ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে ছাত্রদল পরিচয়ধারীরা তার সহযোদ্ধা নাসিরুদ্দিন পাটোয়ারীর ওপর হামলা চালিয়েছে। তিনি নাসিরুদ্দিন পাটোয়ারীকে ‘বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বিপ্লবী যোদ্ধা’ হিসেবে উল্লেখ করেন।
পোস্টে তিনি প্রশ্ন তোলেন, “পাটোয়ারীদের এত ভয় পাওয়ার কারণ কী? বিরোধী মত সহ্য করতে না পেরে এত দ্রুত হামলার পথ বেছে নেওয়া হলো কেন? এটা কি পরিকল্পিত কোনো উদ্যোগ?”
ঢাকা-৮ আসনের ভোটারদের উদ্দেশে তিনি বলেন, এবার জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে—ফ্যাসিস্ট হাসিনার আমলে শত কোটি টাকা উপার্জনকারী এবং নেতা-কর্মীদের রক্তের ওপর দাঁড়িয়ে আঁতাতের রাজনীতি টিকিয়ে রাখা ব্যক্তিদের সংসদে পাঠানো হবে কি না।
হাসনাত আবদুল্লাহ আরও লেখেন, যারা একজন সংসদ সদস্য প্রার্থীর প্রতিও সহিষ্ণু আচরণ দেখাতে পারে না, তারা জনগণের অধিকার ও ন্যায্যতার প্রশ্নে কীভাবে ইনসাফ করবে—সে বিষয়েও জনগণের ভাবা উচিত।
শেষে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “প্রিয় দেশবাসী, গুন্ডা-পান্ডার অভিভাবক ও লুটেরা-মাফিয়াদের হাতে নিজেদের ভবিষ্যৎ তুলে দেবেন না। নিজেদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় সবাইকে সচেষ্ট হতে হবে।”