আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটাধিকার রক্ষায় নারী ভোটারদের যেকোনো পরিস্থিতিতে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর গেন্ডারিয়া ৪৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গণসংযোগকালে ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান। এ সময় তিনি সতর্ক করে বলেন, প্রতিপক্ষ রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেলে নারীদের স্বাধীনতা, কর্মসংস্থান এবং ব্যক্তিগত চলাচলের ওপর গুরুতর হুমকি তৈরি হতে পারে।
তিনি বলেন, “আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল বাংলাদেশকে কোন পথে নিতে চায়, সে বিষয়ে তারা এখনো স্পষ্ট কিছু জানায়নি। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা কিংবা নারীর অধিকার নিয়ে তাদের পরিকল্পনা কী—তা অজানা।”
নগর ব্যবস্থাপনা প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, বর্তমানে রাজধানীর রাস্তাঘাট ভাঙাচোরা, চারদিকে ময়লা-আবর্জনা ছড়িয়ে রয়েছে এবং জলাশয় দখলের কারণে জলাবদ্ধতা মারাত্মক আকার ধারণ করেছে। তিনি বলেন, ফুটপাত ও সড়ক দখলের ফলে যানবাহন চলাচল ও সাধারণ মানুষের হাঁটাচলা কঠিন হয়ে পড়েছে।
তিনি আরও বলেন, সামনে বর্ষা মৌসুম এলেও নগরীর ড্রেনেজ ব্যবস্থাকে সচল করার জন্য কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। অথচ যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে চায়, তারা নগরবাসীর সামনে এ বিষয়ে কোনো সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরছে না।
দূষণ ও নগরবাসযোগ্যতা নিয়েও প্রতিপক্ষ দলের অবস্থান স্পষ্ট নয় উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, “এই শহরকে ভবিষ্যতে কীভাবে বসবাসযোগ্য করা হবে, সে বিষয়ে তাদের কাছ থেকে আমরা কোনো পরিকল্পনা শুনছি না। তাদের বক্তব্যে বারবার একই অভিযোগের পুনরাবৃত্তি করা হচ্ছে।”
চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন, “যদি কোথাও চাঁদাবাজি বা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে থাকে, তা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করা সরকারের দায়িত্ব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নেই। বরং যারা এখন ক্ষমতায় বা ক্ষমতার কাছাকাছি রয়েছে, তাদেরই এ বিষয়ে দায় এড়ানোর সুযোগ নেই।”