বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি গোষ্ঠী নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সরকারি কলেজ মাঠে স্থানীয় বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, গত ১৫ থেকে ১৬ বছর ধরে দেশের মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। ভোটাধিকার ও বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। যারা এই কাজগুলো করেছে, তারা এখন দেশ ছেড়ে পালিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, শুধু ভোট দিলেই দায়িত্ব শেষ নয়। ভোট দেওয়ার পর কেন্দ্রে অবস্থান করতে হবে এবং ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নিতে হবে। তিনি বলেন, দেশটি আমাদের সবার—সব ধর্মের, সব শ্রেণির মানুষের। সবাইকে একসঙ্গে থেকেই দেশ গড়ে তুলতে হবে। এই দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা।
তিনি আরও বলেন, এলাকার সমস্যার স্থায়ী সমাধান করতে হলে ধানের শীষকে বিজয়ী করতে হবে। অতীতে অনেকেই ক্ষমতায় এসেছে, কিন্তু হাতিয়ার মানুষের প্রকৃত সমস্যার সমাধান হয়নি। নদীভাঙন রোধ, বেড়িবাঁধ নির্মাণ ও ব্লক বাঁধ স্থাপনের মতো গুরুত্বপূর্ণ কাজ বিএনপি সরকার গঠন করলে বাস্তবায়ন করা হবে বলে তিনি আশ্বাস দেন। তবে এসব বাস্তবায়নের জন্য জনগণের দায়িত্ব হলো ধানের শীষকে জয়যুক্ত করা।
তারেক রহমান ঘোষণা দেন, বিএনপি সরকার গঠন করতে পারলে পর্যায়ক্রমে হাতিয়ার মানুষের সব সমস্যার সমাধান করা হবে।
জনসভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ধানের শীষের প্রার্থী মাহবুবের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোসহ উপজেলা ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।