এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, পরিবর্তনের জন্য আর রক্ত নয়—এবার ব্যালটের সিলই হবে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। তিনি বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের আগে গত ১৭ বছরে যে নির্যাতন হয়েছে, তারই আরেকটি ডেমো আমরা গত ১৬ মাসে দেখেছি। নিপীড়ক ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে রাজপথ নয়, সিল দিতে হবে।”
সোমবার চট্টগ্রামের বোয়ালখালীর ফুলতলা মোড়ে চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী জোবায়রুল আরিফ–এর পক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর আগামী ১২ ফেব্রুয়ারি জাতির জন্য আরেকটি গুরুত্বপূর্ণ সময়। তিনি দাবি করেন, ৫ আগস্ট যেমন শেখ হাসিনাকে পালাতে বাধ্য করা হয়েছিল, তেমনি এবার ভোটের মাধ্যমে ফ্যাসিবাদী ও নতুন ফ্যাসিবাদী শক্তির ঐক্য ভেঙে দিতে হবে।
তিনি বলেন, কোনো মার্কা নয়—যে জোট জনগণের মুক্তি নিশ্চিত করবে, তাকেই ভোট দিতে হবে। চট্টগ্রাম-৮ আসনে এগারো দলীয় ঐক্য জোটের প্রার্থী হিসেবে জোবায়রুল আরিফ শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পথসভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি বদরুল হক বলেন, জুলাই বিপ্লব ও ৫ আগস্টের কৃতিত্ব ছাত্র-জনতার। অন্যদিকে প্রার্থী জোবায়রুল আরিফ বলেন, সংস্কার ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে এগারো দলীয় জোট ও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিতে হবে।